ভারতের প্রখ্যাত আলেম, প্রবীণ শিক্ষাবিদ, বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ঐতিহাসিক দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আজ (৭ অক্টোবর) এক শোকবার্তায় হেফাজত মহাসচিব বলেন— উপমহাদেশের শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর সুযোগ্য মুহতামিম, বিশ্বখ্যাত আরবি সাহিত্যিক ও প্রবীণ আলেমে দ্বীন মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী (রহ.)-এর ইন্তেকালের খবরে আমরা গভীরভাবে ব্যথিত ও শোকাহত। তিনি ছিলেন একাধারে বরেণ্য শিক্ষক, লেখক, প্রজ্ঞাবান গবেষক এবং ইসলামি সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তাঁর ইন্তেকালে উপমহাদেশের ধর্মীয়, সাহিত্যিক ও শিক্ষাঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”
হেফাজত মহাসচিব মরহুমের দীর্ঘ দ্বীনি খেদমত ও বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করে বলেন, “মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী (রহ.) তাঁর জীবনের সিংহভাগ সময় নদওয়াতুল উলামা, দ্বীনি শিক্ষার প্রসার, আরবি সাহিত্যচর্চা ও ইসলামি সাংবাদিকতার সেবায় উৎসর্গ করেছেন। কালজয়ী মনীষী হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী হাসানি নদভী (রহ.)-সহ তৎকালীন প্রখ্যাত উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে তিনি নিজেকে গড়ে তোলেন এবং পরবর্তীতে নদওয়াতুল উলামার প্রশাসনিক ও শিক্ষাধারাকে এগিয়ে নিতে অনন্য ভূমিকা পালন করেন। বিশেষ করে নদওয়াতুল উলামার বিশ্বখ্যাত আরবি সাময়িকী ‘আল-বায়সুল ইসলামী’-র প্রধান সম্পাদক হিসেবে তাঁর লেখনী ও দিকনির্দেশনা আরবি ভাষা ও শুদ্ধ ইসলামি চিন্তাধারা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “শিক্ষা ও ইসলামি সাহিত্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ খাজা মঈনুদ্দিন চিশতি ভাষা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট. ডিগ্রি অর্জন এবং জামিয়া হিদায়া জয়পুর থেকে আজীবন সম্মাননা প্রাপ্তি তাঁর কর্মময় জীবনের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির স্বাক্ষর বহন করে।”
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও উচ্চ দারাজাত কামনা করে বলেন— আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের যাবতীয় দ্বীনি ও এলেমি খেদমতকে কবুল করুন, তাঁর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম নসীব করুন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অগণিত ছাত্র, ভক্ত-অনুরাগী এবং নদওয়াতুল উলামা পরিবারকে এই গভীর শোক সহ্য করার মতো ‘সবরে জামিল’ দান করুন। আমীন।
Reporter Name 
















