আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মহোদয় মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে এক সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন আল-হাইআতুল উলয়ার সদস্য হযরত মাওলানা মাহফুজুল হক।
সভায় আল-হাইআতুল উলয়ার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা)। এছাড়া উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় দেশের কওমি মাদরাসা শিক্ষা, এর বর্তমান পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় হয়।
আল-হাইআতুল উলয়ার সম্মানিত সদস্যগণ কওমি মাদরাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। একই সঙ্গে সাম্প্রতিক প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আল-হাইআতুল উলয়ার অবস্থান তুলে ধরেন।
আল-হাইআতুল উলয়ার সদস্যগণ জাতি গঠন, সত্য প্রতিষ্ঠা এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। কওমি মাদরাসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সংবাদকর্মীগণ আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে জানতে চান এবং গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। তাঁরা এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য আল-হাইআতুল উলয়াকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীবৃন্দ
১. জহির উদ্দীন বাবর — প্রধান বার্তা সম্পাদক, ঢাকা মেইল ডটকম
২. মাসউদুল কাদির — সম্পাদক, শীলন বাংলা
৩. হুমায়ুন আইয়ুব — সম্পাদক, আওয়ার ইসলাম
৪. মুফতি আবদুল্লাহ তামিম — অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর, সময় টেলিভিশন
৫. জামিল আহমদ — সাব-এডিটর, গ্লোবাল টেলিভিশন
৬. রায়হান রাশেদ — হেড অব ইসলাম, এশিয়া পোস্ট
৭. বেলায়েত হোসাইন — সাব-এডিটর, দৈনিক নয়াদিগন্ত
৮. আবু তালহা রায়হান — হেড অব ইসলাম, দৈনিক কালবেলা
৯. কাউসার লাবীব — সাব-এডিটর, আজকের পত্রিকা
১০. হাসান আল মাহমুদ — সাব-এডিটর, বাংলা পোস্ট
১১. জাওয়াদ আহমদ — সাব-এডিটর, এনপিবি
১২. রাকিবুল ইসলাম রইস—স্টাফ রিপোর্টার, ফেস দ্য পিপল
আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়, সঠিক ও যাচাইকৃত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করতে আল-হাইআতুল উলয়ার দ্বার সর্বদা উন্মুক্ত। গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
পরিশেষে সভায় অংশগ্রহণকারী সকল গণমাধ্যমকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 












