দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমে ভোট বয়কটের ঘোষণা দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে ভোটাধিকার প্রয়োগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। দলের নীতিগত আপত্তির বিষয়ে ব্যাখ্যা পাওয়ার পর কেন্দ্র থেকে নতুন নির্দেশনায় তিনি ভোটপ্রক্রিয়ায় অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, জুলাই সনদের ঐকমত্যের সিদ্ধান্ত মান্য না করায় তারা রাষ্ট্রপতি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জুলাই সনদের ১০ নম্বর ধারায় আইনসভার উভয় কক্ষের মাধ্যমে গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং ২৮ নম্বর ধারায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছিল। তবে তা না মেনে পুরোনো কাঠামোর অধীনেই রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়, যা এই প্রক্রিয়াকে অর্থহীন করে তোলে।
তবে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি আইডিয়াল টাইমসকে নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
তিনি জানান, ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত এবং যেসব নীতিগত আপত্তি দলের পক্ষ থেকে তোলা হয়েছিল, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরবর্তীতে দলীয় নীতি নির্ধারকদের নতুন সিদ্ধান্তে তাদের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
মারুফ জানান ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জানিয়েছেন, ভবিষ্যতে সংবিধানের ৭০ ধারায় পরিবর্তন আসবে এবং উভয় কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়েও তারা প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন, তাই ভোট বর্জনের সিদ্ধান্ত বদলে আমাদের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।’
Reporter Name 



















