সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটছে। প্রায় এক দশকের সম্পর্কের পর পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সোমবার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্ট দিয়ে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। পরে শেহতাজ বিষয়টি গণমাধ্যমের কাছেও নিশ্চিত করেন।
প্রীতম তাঁর পোস্টে জানান, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে প্রায় দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সবসময় থাকবে।
বিচ্ছেদের কারণ সম্পর্কে প্রীতম জানান, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। তবে সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও জানান তিনি। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
শেহতাজও তাঁর ফেসবুক পোস্টে প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি জানান, দীর্ঘ পথচলার পর পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও জানান শেহতাজ।
জীবনের এই পরিবর্তনের সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করার সূত্রে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন শেহতাজ। ২০১৭ সালে ওই কাজের সময় তাঁদের পরিচয় হয়, পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।
চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে। তবে ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রকাশ্যেই দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানালেন দু’জন।
নিউজ ডেস্ক 

















