ইসলামী ধারার ও দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নারী সাংবাদিকদের শালীনতা বজায় রাখা ও পর্দা রক্ষা করে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় (আইএবি মিলনায়তনে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সদ্য পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী (হেবা আইন) বিষয়ে সাংগঠনিক অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল করীম জোর দিয়ে বলেন, নারীদের পেশাগত দায়িত্ব পালন বা সাংবাদিকতা করার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো বাধা বা নিষেধাজ্ঞা নেই। তবে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে সংবাদকর্মীদের পোশাক ও আচরণের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, ‘আমার কোনো বোন যদি সাংবাদিকতা করতে চান, সেটা তিনি করতে পারেন। নারী সাংবাদিকদের কর্মক্ষেত্রে আসার ক্ষেত্রে আমাদের কোনো বাধা বা দ্বিমত নেই। তবে যখন তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা কোনো ইসলামপন্থী দলের রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে আসবেন, তখন তাদের পর্দা ও শরিয়াহসম্মতভাবে আসা উচিত।’
নিজের বক্তব্য স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘কেউ নিজে ব্যক্তিগতভাবে শরীয়ত না মানলেও অন্যের ধর্ম পালনের পরিবেশ নষ্ট করা উচিত নয়। আমার সংবাদকর্মী বোনদের উচিত, তিনি নিজে শরীয়ত না মানলেও আমাদের সেটা মান্য করার সুযোগ করে দেওয়া। এটা পারস্পরিক অধিকারের বিষয়।’
ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা উল্লেখ করেন, ধর্মীয় পরিবেশ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে পরিমার্জিত পোশাক ও আচরণ বজায় রাখলে তা সাংবাদিক ও ধর্মীয় সংগঠন—উভয় পক্ষের জন্যই পেশাগত কাজ পরিচালনা সহজ, নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ করে তোলে।
সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















