কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। রাজপথে নেতৃত্ব দিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি।’ জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথাও বলেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে রথখলা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে প্রধান বক্তা ইয়াসের খান চৌধুরী বলেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন।’ একই সঙ্গে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান।
দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে।’ দুটি বাস পুড়িয়ে বা কোনো একটি চক্রের মাধ্যমে জনগণকে ভয় দেখানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা মোকাবিলা করা হবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। তারা জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। রথখলা থেকে কালিবাড়ী মোড় পর্যন্ত কর্মসূচিকে ঘিরে শহরের প্রধান সড়কে রাজনৈতিক উত্তাপ ও নেতা-কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।
Reporter Name 
























