ঈদে মিলাদুন্নবী বা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।
এক বক্তব্যে তিনি বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তার সাহাবি ও খুলাফায়ে রাশেদিন কেউ এটি পালন করেননি। তাই তিনি এটিকে বিদআত হিসেবে উল্লেখ করেন।
শায়খ সুদাইস বলেন, নবীজি (সা.)-এর প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশের পথ হলো তার সুন্নাহ অনুসরণ করা, নতুন কোনো ধর্মীয় রীতি চালু করা নয়।
শায়খ সুদাইস যা বলেছেন, ‘মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শিরোনামের বক্তব্যে তিনি মুসলমানদের নবীজি (সা.)-এর অনুসরণ এবং দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ প্রসঙ্গে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, কোনো বিষয়ে মতবিরোধ হলে তা আল্লাহ ও তার রাসুলের দিকে ফিরিয়ে দিতে হবে।
মহানবী (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি নতুন উদ্ভাবিত বিষয় থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা।
এ ছাড়া সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) ও ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর বক্তব্য এবং ইমাম ইবনে তাইমিয়্যার মতামতও তুলে ধরেন তিনি।
শায়খ সুদাইস বলেন, রবিউল আউয়াল মাসে আয়োজিত মাওলিদ অনুষ্ঠানে নাচ-গান, অপচয় এবং মাহরাম নন—এমন নারী-পুরুষের অবাধ মেলামেশার মতো বিষয় যুক্ত হয়েছে। এগুলো নবীজি (সা.)-এর নির্দেশিত নয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসার প্রকৃত প্রমাণ তার সুন্নাহ অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন।’
বক্তব্যের শেষ দিকে মুসলমানদের উদ্দেশে শায়খ সুদাইস বলেন, এসব বিদআত ও ভ্রষ্টতা পরিত্যাগ করে নবীর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
Reporter Name 














