কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার সনদে জালিয়াতি ও জটিলতা এড়াতে নিবন্ধনের নিয়ম কঠোর করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। এখন থেকে মাধ্যমিক (সানাবিয়া) বা উচ্চ মাধ্যমিক (সানাবিয়া উলয়া) পর্যায়ের নিবন্ধনকালে প্রদত্ত শিক্ষার্থীদের জন্মসালই দাওরায়ে হাদীসে অপরিবর্তনীয় থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুঃ অছিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৬৯তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন এই বিধান অনুযায়ী, সানাবিয়া বা সানাবিয়া উলয়ার নিবন্ধনে একজন শিক্ষার্থীর যে জন্মসাল লিপিবদ্ধ থাকবে, দাওরায়ে হাদীস (তাকমীল) নিবন্ধনের সময় সেটিই বহাল থাকবে। পরবর্তীতে নিবন্ধনের সময় বা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কোনোভাবেই আর জন্মসাল পরিবর্তন কিংবা সংশোধন করা যাবে না।
হাইআতুল উলয়ার এই নতুন সিদ্ধান্তটি আগামী ১৪৪৯ হিজরী শিক্ষাবর্ষ থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে দেশের সকল কওমি শিক্ষাবোর্ড, দাওরায়ে হাদীস মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের আগে থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 





















